উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বকেয়া বেতন পরিশোধ ও সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর উত্তরায় টানা পঞ্চম দিনের মতো রাজপথে নামার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার (১৭ অক্টোবর) সকালে কর্মসূচি শুরুর পরপরই পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা। সড়ক অবরোধ ঠেকাতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে উত্তরা রাজলক্ষ্মী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষ চলাকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়েছে। তাদের কোনোভাবেই রাস্তা অবরোধ করতে দেওয়া হয়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।