উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার লাকসাম পৌরসভা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে পরিবারসহ প্রাণনাশের এবং বড় ধরনের ক্ষয়-ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নম্বর আটান্ন (জিডি নম্বর- ৮৩৩)।
জিডি সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর শনিবার সকাল আনুমানিক ১০:২১ ঘটিকায় বিএনপি নেতা মনির আহমেদ পৌরসভার ১নং ওয়ার্ডের নশরতপুরের নিজ বাসায় অবস্থানকালে একটি অজ্ঞাত নম্বর থেকে তাঁর ব্যক্তিগত নম্বরে কল আসে। এসময় অজ্ঞাত ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে তাঁকে গালিগালাজ করে এবং পরবর্তীতে ২-১ দিনের মধ্যে তাঁকে হত্যা ও পরিবারের বড় ধরনের ক্ষয়-ক্ষতি করার হুমকি প্রদান করে। হুমকির পর থেকে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন।
বিএনপি নেতা মনির আহমেদ বলেন, ২০২২ সালে ফ্যাসিস্ট গোষ্ঠীর বিশেষ বাহিনীর হাতে গুমের শিকার হয়েছিলাম এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। তিনি আরও জানান, আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই, প্রকৃত যোদ্ধারা মৃত্যুকে আলিঙ্গন করেই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন এবং বিষয়টি তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি মো. আবুল কালামকে অবহিত করেছেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।