উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বরাদ্দ পাওয়া পাঁচ শতাধিক প্লট আত্মসাতের অভিযোগ উঠেছে। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী এবং তার সহযোগীদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে এই আবেদন জমা দেওয়া হয়। আবেদনে অভিযুক্তদের ব্যাংক হিসাব, সম্পদ ও পাসপোর্ট জব্দের পাশাপাশি তাদের বিদেশযাত্রা বন্ধের দাবি জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ জাকির জানান, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা ও পরামর্শে দুদক চেয়ারম্যানের কাছে এই আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্তরা নিজেদের ও আত্মীয়স্বজনের নামে সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন। অবৈধভাবে বরাদ্দ নেওয়া প্লটগুলো উদ্ধার করে প্রকৃত ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে বিতরণের দাবি জানানো হয়েছে।