উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে ব্যবহৃত ওজন কমানোর জনপ্রিয় ওষুধ পুরুষের প্রজননক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। সাম্প্রতিক এক গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, এই ওষুধ ব্যবহারে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি এবং শুক্রাণুর গুণগত মানের উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্লুকাগন-লাইক পেপটাইড-১ (জিএলপি-১) শ্রেণির এই ওষুধগুলো মূলত টাইপ-২ ডায়াবেটিস ও ওজন কমাতে ব্যবহৃত হয়। যুক্তরাজ্যের ওয়ারউইক মেডিকেল স্কুলের গবেষকেরা ৫টি ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে পুরুষের প্রজননতন্ত্রের ওপর এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করেছেন।
গবেষণায় দেখা গেছে, কম টেস্টোস্টেরনের মাত্রায় ভোগা ৩০ জন পুরুষের ওপর ১৬ দিনের একটি পরীক্ষায় জিএলপি-১ ওষুধ ব্যবহারে হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। স্থূলতা শুক্রাণুর উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেললেও এই ওষুধ তা কাটিয়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ২৫ জন পুরুষের ওপর ২৪ সপ্তাহের এক পরীক্ষায় দেখা যায়, জিএলপি-১ গ্রহণকারীদের শুক্রাণুর গুণগত মান দ্বিগুণেরও বেশি উন্নত হয়েছে। পরীক্ষার শুরুতে স্বাভাবিক আকৃতির শুক্রাণুর হার ২ শতাংশ থাকলেও চিকিৎসা শেষে তা বেড়ে ৪ শতাংশে দাঁড়িয়েছে।
তবে গবেষকেরা সতর্ক করেছেন যে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য পর্যাপ্ত তথ্য-প্রমাণ এখনো সংগৃহীত হয়নি। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেবল প্রজননক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এই ওষুধ ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।