উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্ব ডাক দিবস উদযাপন এবং ডাক সেবা সপ্তাহ উপলক্ষ্যে নাটোরে দিনব্যাপী চিঠি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় নাটোর নবাব সিরাজ-উ-দৌলা সরকারি কলেজ প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিক নেওয়াজ তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. শরীফুল হক এবং রাজশাহী বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রাকিব বিশ্বাস।
রাজশাহী বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. রকিব বিশ্বাস বলেন, ডাক বিভাগের নতুন সার্ভিস স্পিড পোস্ট সার্ভিস জনপ্রিয়তা অর্জন করেছে এবং ই-কমার্স সার্ভিসও গতি পেয়েছে। জনগণের আস্থার জায়গায় ডাকঘরকে সমুন্নত রেখে খুব দ্রুত তাদের প্রত্যাশা পূরণে ডাক বিভাগ সক্ষম হবে। নাটোর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, ডাকঘরের মাধ্যমে চিঠি প্রেরণের ব্যবস্থাকে জনপ্রিয় করতে পোস্টম্যানকে দ্রুতগতির স্কুটি প্রদান করা হয়েছে।
পোস্ট মাস্টার আরও জানান, ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে ডিসি পার্ক প্রাঙ্গনে চিঠি লেখা উৎসবে শতাধিক উৎসাহী ব্যক্তির চিঠি বিনামূল্যে ডাক বিভাগের মাধ্যমে প্রাপকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আজ কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের লেখা ২৮০টি চিঠি তাদের কাংখিত গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। বিনামূল্যে চিঠি প্রেরণের সপ্তাব্যাপী এই সুযোগ আগামীকাল শেষ হবে।