উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য করার দায়ে সৌদি আরবে শ্রীলঙ্কার এক অভিবাসী শ্রমিকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে শ্রীলঙ্কার সরকারের অনুরোধের পর সৌদি আরবের সুপ্রিম কোর্ট সেই মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দিয়েছেন। কলম্বোর উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র এ কথা জানিয়েছেন।
২৭ বছর বয়সী আনোজান শিবরাজাকে গত সেপ্টেম্বরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে সৌদি আরবের আপিল আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছিলেন। এ ঘটনায় শ্রীলঙ্কায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে শিবরাজাকে ক্ষমা করার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে সরকার।
হেমচন্দ্র ফেসবুকে এক পোস্টে জানান, গত বুধবার সৌদি আরবের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন। এ ঘটনায় দুই দেশের কর্তৃপক্ষ ও আইনজীবীদের ঐকান্তিক চেষ্টার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান। শিবরাজার মামলার আইনি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট শ্রীলঙ্কার আইনপ্রণেতা ফাইজার মুস্তাফাও বিবিসি সিংহলাকে মৃত্যুদণ্ড বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুনের শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর অনলাইনে ধর্মীয় বিতর্ক শুরু হয়। বিতর্কের মধ্যে শ্রীলঙ্কার অভিবাসী আনোজান শিবরাজা তামিল ভাষায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে মন্তব্য করেন। শিবরাজা কিছুক্ষণের মধ্যেই মন্তব্যটি মুছে ফেলেন এবং ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেন।