বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জন দুর্ভোগ

পটুয়াখালী হাসপাতালে চারগুণ রোগী, জনবল সংকট চরম

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। জেলার আট উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন এখানে। ২৫০ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে ৯০০ থেকে ৯৫০ জন রোগী ভর্তি থাকায় ধারণক্ষমতার তিন থেকে চারগুণ রোগীকে সেবা দিতে হচ্ছে। শয্যাসংকটে অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৮৪২ জন। এর মধ্যে ৩০ শয্যার মেডিসিন ওয়ার্ডেই ভর্তি ছিলেন নির্ধারিত শয্যার কয়েকগুণ রোগী। ডেঙ্গু ও শিশু ওয়ার্ডেও শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন। রোগীর চাপ বাড়লেও সে অনুযায়ী বাড়েনি প্রয়োজনীয় জনবল। প্রশাসনের তথ্য অনুযায়ী, চিকিৎসকের অনুমোদিত ৭৭টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৭ জন এবং ৫০টি পদই শূন্য রয়েছে। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৬৬টি পদের মধ্যে ৭৩টি পদ শূন্য রয়েছে। ফলে চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় কর্মরতদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান জানান, প্রতিদিন ৯০০ থেকে ৯৫০ জন রোগীর চিকিৎসাসেবা দিতে মাত্র ২৫ জন চিকিৎসক রয়েছেন। এতে চিকিৎসক ও রোগী উভয় পক্ষকেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পটুয়াখালী হাসপাতালে চারগুণ রোগী, জনবল সংকট চরম