বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রাজনীতি

জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়িত হয়নি: এবি পার্টি

জুলাই সনদের একটি অক্ষরও বর্তমান সরকার বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বছর পেরিয়ে জুলাই সনদ: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদের ৫ হাজার ৬৯০ শব্দের মধ্যে সরকার কয়টি অক্ষর বাস্তবায়ন করেছে, জনগণ তা জানতে চায়। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে ভবিষ্যতে বিশ্বাসঘাতকতার দায়ে রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। সভায় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, সরকার উল্টো পথে হাঁটছে এবং মানুষের বাক্স্বাধীনতা হরণের প্রবণতা দেখা যাচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের পরিবর্তে সংশোধনী কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দলগুলোকে কেবল ক্ষমতার অপেক্ষায় না থেকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জনগণ দেশে বিচার ও প্রকৃত সংস্কার চায়। কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি দেওয়া যাবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সাইবার সুরক্ষার মতো বিষয় নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি না করে দ্রুত বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়িত হয়নি: এবি পার্টি